
স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ - প্রতিপাদ্যে পঞ্চগড়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পঞ্চগড়-বাংলাবান্ধা মহসড়ক প্রদক্ষিণ করে আবারো সিভিল সার্জন অফিসের সামনে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আফরোজা বেগম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জান্নাতুন ফেরদৌস, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সামান্তা আক্তার প্রমূখ।
সভায় সিভিল সার্জন বলেন, স্বাস্থ্যসেবা পাওয়া প্রতিটি মানুষের মৌলিক অধিকার। বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিরাপদ পানি, পুষ্টিকর খাবার এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার মাধ্যমেই একটি সুস্থ জাতি গঠন সম্ভব। বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিক হওয়া প্রয়োজন। বর্তমানে স্বাস্থ্য সেবায় কিছু কিছু প্রতিবন্ধকতা রয়েছে। বাজেট এবং জনবলের কারণে হয়ত স্বাস্থ্য সেবাটা এখনো সেইভাবে ছড়িয়ে দেওয়া যায়নি।
তিনি বলেন, গবেষণায় দেখা গেছে, দেশে প্রতি ১ হাজার জন মানুষের জন্য ০.৩ জন চিকিৎসক রয়েছে। অর্থাৎ জনগণের স্বাস্থ্য সেবাটা এখনো নিশ্চিত হয়নি। তবে যদি নিজেরা সচেতন হওয়া যায় তাহলে সুস্থ জীবনযাপন করা সম্ভব। নিয়মকানুন মেনে চললে এবং সচেতন হলে চিকিৎসা সেবার প্রয়োজন কম হয়।
শোভাযাত্রা ও আলোচনা সভায় পঞ্চগড় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারি ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। #
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
কনা প্লাজা, কাঁচা বাজার, পঞ্চগড়-৫০০০
মোবাইল : +880 1716-104204
ইমেইল : anisprodhan@gmail.com
Copyright © 2026 দৈনিক পঞ্চগড় সংবাদ. All rights reserved.