বাংলাদেশে নিযুক্ত চায়নার রাষ্ট্রদূত ঈয়াও ওয়েন আজ মঙ্গলবার বিকেলে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে তাঁদের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে পানি সম্পদ ব্যবস্থাপনা, নদী শাসন, বন্যা নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বাংলাদেশের পানি খাতের অবকাঠামোগত উন্নয়নে চায়নার দীর্ঘদিনের সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতে এই অংশীদারিত্ব আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
চায়নার মাননীয় রাষ্ট্রদূত জনাব ঈয়াও ওয়েন বাংলাদেশের টেকসই উন্নয়ন ও পানি খাতের আধুনিকায়নে তাঁর দেশের পক্ষ থেকে সব ধরনের কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত দ্বিপাক্ষিক বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ পরিবেশে সম্পন্ন হয়।