
ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর আগে আপনার সন্তানকে ভালো মানুষ হওয়ার শিক্ষা দিতে হবে, অনেক বড় কর্মকর্তা হয়ে যদি দূর্নীতিবাজ হয়, অনৈতিক মানুষ হয় তবে সমাজ রাষ্ট্র তার কাছে কিছুই পাবেনা। ফলে ভালো মানুষ হওয়াটা বেশি জরুরি বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে পঞ্চগড়ের বোদা উপজেলায় বর্ণমালা বিদ্যাপীঠের ১৪ তম বার্ষিক ক্রীড়া- সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দূর্নীতি মুক্ত সমাজ গঠনে এবং প্রকৃত শিক্ষায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে বর্তমান সরকার ইতিমধ্যেই কাজ শুরু করেছে।
তিনি বলেন, এই সরকার যেমন সারাদেশের টেকসই উন্নয়ন কল্পে কৃষি, রাস্তাঘাট, শিল্প কলকারখানা সহ বেকারত্ব দূরীকরণের পরিকল্পনা হাতে নিয়েছে একই ভাবে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করে ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বের উপযোগী মানবসম্পদে পরিনত করতেও কাজ শুরু করেছে।
বর্ণমালা বিদ্যাপীঠের সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মবিনুল ইসলাম কাজল। এসময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো নজরুল ইসলাম সহ গর্ভনিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধান অতিথি কে ফুলেল শুভেচ্ছা সহ সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।