জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকার পুনরুদ্ধারের পথ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্কে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ আন্দোলন, নির্যাতন ও আত্মত্যাগের ধারাবাহিকতায় ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে রয়েছে। জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে তিনি বলেন, বিএনপি ও তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী জুলাই সনদের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করা হবে।
তিনি আরও বলেন, বিভেদ সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করে সবাইকে ঐক্যবদ্ধভাবে বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
এর আগে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জন কার্যালয়, পঞ্চগড় প্রেসক্লাব বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জুলাই শহীদ পরিবার, স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়।
পরে সরকারি অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আন্দোলনে আহত যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। দিবসটি উপলক্ষে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় জুলাই আন্দোলনের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং পঞ্চগড়ের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
২০২৪ সালে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের চূড়ান্ত পরিণতি ঘটে ওই বছরের আজকের দিনে (৫ আগস্ট)। সেদিন ছাত্র-জনতার প্রবল গণআন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, মসজিদসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা, শিশুদের জন্য বিনোদন পার্ক উন্মুক্ত রাখা, সরকারি হাসপাতাল, শিশু পরিবার, এতিমখানা ও জেলা কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন, জুলাই স্মৃতি ফুটবল ম্যাচ, সন্ধ্যায় আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের আয়োজন করেছে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “জুলাই সনদের প্রত্যেকটি পৃষ্ঠার প্রত্যেকটি অক্ষর, ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করবো। আমাদের সরকার সেই অঙ্গীকার পূরণ করবে।” তিনি সবাইকে বিভেদ ও দলাদলির ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানিয়ে বলেন, “আসুন, দলাদলি ও ভেদাভেদ ভুলে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, যাতে কোনো অপশক্তি ষড়যন্ত্র করার সুযোগ না পায়।”
তিনি আরও বলেন, “পঞ্চগড়ের পাঁচজন কৃতি সন্তান গত জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনে শহীদ হয়েছেন। তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহত জুলাই যোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা ও কৃতজ্ঞতা জানাই।”