দীর্ঘ ৪৪ বছর ধরে দুই পা দিয়ে প্যাডেল মেরে রিক্সা চালিয়ে সংসার চালাচ্ছিলেন বৃদ্ধ রফিকুল ইসলাম। ব্যাটারি চালিত রিক্সা চালাতে কষ্ট কম। কিন্তু টাকার অভাবে ব্যাটারি চালিত রিক্সা কিনতে পারছিলেন না তিনি। উপায় না পেয়ে কষ্ট হলেও দুই পা দিয়ে প্যাডেল মেরে রিক্সা চালাচ্ছিলেন তিনি। সদর উপজেলার যতনপুকুরী মরিচ বাড়ি এলাকার এই বৃদ্ধ রিক্সা চালকের কষ্টের কথা গণমাধ্যমে প্রচার হলে বিষয়টি পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা: শুকরিয়ার পারভিনের নজরে আসে । বৃদ্ধ রফিকুল ইসলামকে সোমবার দুপুরে তিনি নতুন একটি ব্যাটারি চালিত রিক্সা উপহার দেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ইমাম রাজী টুলু সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রফিকুল ইসলাম বলেন আমার তিন ছেলে মেয়ে। বয়স হয়ে গেছে আমার । পা দিয়ে প্যাডেল মেরে রিক্সা চালানো খুব কষ্টের। জেলা প্রশাসক স্যার ব্যাটারি চালিত রিক্সা উপহার দিবেন আমি ভাবতেই পারিনি। আমি অনেক খুশি।
জেলা প্রশাসক মোসা: শুকরিয়া পারভিন জানান, মানুষের পাশে থাকার অঙ্গিকার নিয়েই জেলা প্রশাসক হয়েছি। কাজ করে যাচ্ছি। পা দিয়ে এখনো প্যাডেল মেরে রিক্সা চালানো সত্যি কষ্টের। বিষয়টি আমার নজরে এলে এই ছোট্ট উদ্যোগ গ্রহণ করেন।