পঞ্চগড়ে নবাগত পুলিশ সুপার মো. আবু সাইমের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত পুলিশ সুপার মো. আবু সাইম সাংবাদিকদের সাথে পরিচিতি পর্বে অংশ নেন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংবাদিকদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পেশাদারিত্ব, সেবা ও সততা এই তিন মূলনীতিকে সামনে রেখে পঞ্চগড়বাসীর নিরাপত্তায় সর্বোচ্চ দায়িত্ব পালনের আশ্বাস দিয়ে তিনি বলেন, পঞ্চগড়ে শান্তি-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গণমাধ্যমের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার সহ গণমাধ্যমকর্মীরা নানান প্রশ্ন ও পরামর্শ দেন।
পুলিশ সুপার এসব প্রশ্নের উত্তর দেন এবং পরামর্শগুলো আমলে নেন।
সময় অতিরিক্ত পুলিশ সুপার সিফাত রাব্বান, ফরহাদ হোসাইনসহ অর্ধশত গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।।